‘এক জন বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবেনা’- একথা বলার জন্য মমতা ব্যানার্জীকে সুপ্রিম কোর্টে দেখতে চাই’। বুধবার বাঁকুড়ার রামপুর মনোহর তলা বাজারে এভাবেই তৃণমূল নেত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য অমিয় পাত্র। দলীয় প্রার্থী অভয় মুখার্জীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় আগাগোড়া আক্রমণাত্মক মেজাজে পাওয়া গেল এই বর্ষীয়ান বাম নেতাকে।
তাঁর দাবি, বর্তমান শাসকদল আর আদালতে যাবে না, তাই সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাধারণ মানুষকেই লড়াইয়ের ময়দানে নামতে হবে। এদিন অমিয়বাবু কড়া ভাষায় বিঁধেছেন বিজেপিকেও। তিনি প্রশ্ন তোলেন, পরিবর্তনের আশায় মানুষ বাঁকুড়া-সহ ৭৭টি আসনে বিজেপিকে জেতালেও গত কয়েক বছরে আদতে কী বদল হয়েছে? শাসকদলের উদ্দেশে তাঁর আরও বিস্ফোরক কটাক্ষ, ‘চোরেদের দল তৃণমূল, চুরি করার সুযোগ না থাকলে ওই দলে কেউ থাকবেনা’। এই মন্তব্যে কার্যত রাজনৈতিক পারদ চড়েছে বাঁকুড়ায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিয় পাত্র দাবি করেন, ২০১১ সালের পর এই প্রথম গ্রাম থেকে শহর— সর্বত্র বামেদের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখা যাচ্ছে। তাঁর মতে, মানুষ এবার তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে। তৃণমূল-বিজেপির মধ্যে তলে তলে ‘সেটিং’ রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাম প্রার্থী অভয় মুখার্জীও। মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে তিনি বামপন্থীদের জয়ী করার আবেদন জানান। এবারের লড়াই যে সম্পূর্ণ আলাদা, সেই বার্তাই এদিন স্পষ্ট করে দিয়েছে লাল শিবির।















