আরও বিপাকে পড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসের একাংশ খালি করার নির্দেশ দিল দমকল বিভাগ। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গুরুতর ত্রুটি থাকার অভিযোগে ৯ নং ক্যামাক স্ট্রিটের যে বিল্ডিংয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে, তার বেসমেন্ট এবং ছয় ও সাত তলা খালি করতে বলা হয়েছে।শুক্রবার দমকলের তরফে এই নির্দেশ জারি করা হয়। দিন কয়েক আগে গোটা বিল্ডিংয়ের ফায়ার অডিট চালানো হলে দেখা যায়, অভিষেকের অফিস হিসেবে পরিচিত ছয় ও সাত তলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় একাধিক গলদ রয়েছে।
ফায়ার অ্যালার্ম ও স্প্রিংকলার কাজ করছিল না। যেহেতু এই দুই তল ভাড়া নেওয়া, তাই প্রথমে নোটিস পাঠানো হয়, কিন্তু অভিষেকের অফিসের তরফে কেউ হাজিরা দেননি বলে অভিযোগ। ফলে ১১সি ফায়ার সেফটি অ্যাক্ট অনুযায়ী দুই তল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া বেসমেন্ট পার্কিংয়ের নিরাপত্তা ব্যবস্থাতেও একাধিক অসঙ্গতি মেলায় সেটিও খালি করতে বলা হয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালে শেষবার ফায়ার অডিট হয়েছিল, তখন তিন বছরের জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল, যা ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। লাইসেন্স নবীকরণ না হওয়া পর্যন্ত ওই ফ্লোরগুলি ব্যবহার করা যাবে না।বর্তমানে দেশের বাইরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।














