রবিবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হল হাসপাতালে। বিজেডি দলের তরফে জানানো হয়েছে বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকদিন হল রাজনীতি থেকে কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছেন ৭৮ বছর বয়সি নবীন। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতাতেও ভুগছেন। এবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন নবীনের শুভানুধ্যায়ীরা।
এক বিজেডি নেতার উদ্ধৃতি তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, “হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শীঘ্রই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বুলেটিন প্রকাশ করা হবে।” দলের তরফে জানানো হয়েছে শনিবার রাতে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন নবীন পট্টনায়েক। তাঁর ব্যক্তিগত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর নবীনকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সেইমতো রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কী সমস্যার জন্য নবীনকে হাসপাতালে ভর্তি করানো হল সে বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি।













