কলেজে কলেজে ছাত্রভোট বন্ধ অনেক বছর। রাজ্যে শাসকদল বদলের পাঁচ মাস পেরিয়ে গেলেও ছাত্র সংসদ নির্বাচন কবে হবে, তার কোনও ইঙ্গিত মেলেনি। এই আবহেই শুক্রবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সর্বভারতীয় সম্মেলনের মঞ্চ থেকে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশ্বাস, আগামী বছরই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলিতে নির্বাচন হবে।এবিভিপি-র অধীনে পরিচালিত চিকিৎসা ও দন্তচিকিৎসা শিক্ষার্থীদের সর্বভারতীয় মঞ্চ মেডিভিশন-এর ৯ম জাতীয় সম্মেলন শুরু হয়েছে ৯ অক্টোবর। দুদিনের এই সম্মেলন চলবে ১০ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী।
তিনিই সম্মেলনের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন এবিভিপি-র রাজ্য সম্পাদক ডাঃ নীলকণ্ঠ ভট্টাচার্য। মেডিক্যাল ও দন্তচিকিৎসার পড়ুয়া-সহ প্রায় ৩০০ জন অনুষ্ঠানে হাজির ছিলেন।বক্তৃতায় শুভেন্দু বলেন, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অথচ ছাত্র রাজনীতি থেকেই বহু রাজনৈতিক নেতা উঠে এসেছেন। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এবিভিপি পর্যবেক্ষকের সঙ্গে এ নিয়ে তাঁর কথা হয়েছে বলেও জানান তিনি। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, কলেজের ভোটে ক্লাসের ফাঁকে বক্তৃতা করেই তিনি আজকের জায়গায় পৌঁছেছেন।
এর পরেই এবিভিপি পর্যবেক্ষকের সঙ্গে আলোচনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আগামী বছর ছাত্র সংসদের নির্বাচন হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে এবিভিপি এবং রাষ্ট্রবাদীদের বন্দে মাতরম্ স্লোগান শোনা যাবে।














