রাঙ্গামাটির জেলা বীরভূম মানেই আউল-বাউলের দেশ। প্রাচীন কাল থেকে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক বাহক বাউল ফকির শিল্পীরা। এবার রবি ঠাকুরের বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে বাউল ফকিরদের নিয়ে অভিনব ‘ইচ্ছে তাই বাউল ফকির উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি অধ্যাপক প্রলয় নায়েক।
ভাবনা বীরভূমের বাউল ফকিরদের কৃষ্টি-কালচার বাঁচিয়ে রাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৬০ জন বাউল ফকির শিল্পীদের বিশেষ সংবর্ধনা করা হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে। সারাদিনব্যাপী চললো গানের আসর, খাওয়া দাওয়া, জমজমাট আড্ডা। ইচ্ছে তাই বাউল ফকির উৎসব ২০২৬ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যাপক প্রলয় নায়েক বলেন, বীরভূমের সংস্কৃতির সাথে গভীরভাবে জুড়ে রয়েছে বাউল ও ফকির শিল্পীরা। নতুন প্রজন্ম অনেকেই প্রাচীন ইতিহাস সম্পর্কে অভিহিত নয়।
স্বাভাবিকভাবেই বাউল ফকির শিল্পীদের উজ্জীবিত করতে, তাঁদের বাঁচিয়ে রাখতেই এই অভিনব পরিকল্পনা। আমরা বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল ফকির ৬০ জন শিল্পী কে সংবর্ধনা দিলাম। উত্তরীয়, ট্রফি, তাঁদের পরনে বস্ত্র, দিনভর নাচ-গান খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেশ উপহার দিলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বলেন, বাউল ফকিরদের মাঝে এসে মন যেন ভালো হয়ে গেল। এভাবেই আমাদের বীরভূমের শিল্প সংস্কৃতি বেঁচে থাকবে। প্রলয় মাস্টার যে বাউল ফকিরদের কথা ভেবেছে, তার জন্য ধন্যবাদ জানাই।













