উত্তরাখণ্ডে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল চার জনের। নিখোঁজ কমপক্ষে ৫০ জন। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের গ্রামের ভয়ংকর প্রকৃতিক বিপর্যয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে জলের তোড়ে যাচ্ছে বাড়ি, দোকান। দেবভূমির উত্তরকাশীর ধারালি গ্রামের হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হড়পা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে। মেঘভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী। এক সময় পাহাড় থেকে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যায় দুই পাড়। তাতেই কমপক্ষে ৫০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে।













