Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

উত্তরে হবে ৩০০০ কোটির বিনিয়োগ, দশ হাজার কর্মসংস্থানের আশ্বাস রাজ্যের

উত্তরে হবে ৩০০০ কোটির বিনিয়োগ, দশ হাজার কর্মসংস্থানের আশ্বাস রাজ্যের

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় প্রায় ৩ হাজার ৩১৯ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে তিন জেলায় প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত ‘সিনার্জি ২০২৫’ শিল্প সম্মেলনে এই আশার বার্তা দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন,উত্তরবঙ্গে বিনিয়োগ বাড়ানোর জন্য রাজ্য সরকার যথাযথ পরিকাঠামো এবং বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে।

 

বিনিয়োগের প্রস্তাবে দার্জিলিং জেলায় এসেছে ১৫২৩ কোটি টাকা, জলপাইগুড়িতে ১৪৪২ কোটি এবং কালিম্পংয়ে ১৬৪ কোটি টাকা। পাশাপাশি রিয়েল এস্টেট সেক্টরে ৪৭০০ কোটি টাকার সম্ভাবনাও উঠেছে। এমএসএমই খাতে ব্যাংক ঋণের পরিমাণ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৫৮৯ কোটি টাকা পৌঁছেছে। এই ঋণের মধ্যে দার্জিলিংয়ের অংশ ৫৩৬০ কোটি, জলপাইগুড়ির ২১০৩ কোটি এবং কালিম্পংয়ের ১২৬ কোটি টাকা।তিন জেলায় ১,১৮,৯১৩টি সংস্থা উদ্যম পোর্টালে নিবন্ধিত রয়েছে যেগুলোর মধ্যে দার্জিলিংয়ে ৫৭,০৬৬, জলপাইগুড়িতে ৫৪,৭১১ এবং কালিম্পংয়ে ৭,১৩৬ সংস্থা রয়েছে। শিল্পীদের জন্য আর্টিসানস ফাইনান্সিয়াল বেনিফিট স্কিমের আওতায় ৫৭ জনকে ৮.৪০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে।

 

দার্জিলিংয়ের নকশালবাড়ি ব্লকে একটি কাঠের আসবাবপত্র উৎপাদন ক্লাস্টারের জন্য ২.৩২ কোটি টাকার সাধারণ সুবিধা কেন্দ্র তৈরি করা হচ্ছে, যা ২০০ জনকে কাজ দেওয়ার সম্ভাবনা রাখে। শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে পোশাক তৈরির সমবায় সমিতিকে মেশিন ও সরঞ্জাম দেওয়া হয়েছে, যার ফলে প্রায় ৩০ জন নারী উদ্যোক্তা লাভবান হবেন। জলপাইগুড়িতে দুটি সরকারি ও বেসরকারি শিল্প পার্ক গড়ে উঠেছে এবং আরও চারটি পার্কের পরিকল্পনা চলছে যেখানে প্রায় ১,০০০ কর্মী কাজ করছে। কালিম্পংয়ে মাশরুম ও হোম টেক্সটাইলের জন্য সাধারণ সুবিধা কেন্দ্র স্থাপনের কাজ চলছে, যা সেখানে ১৩৫ জনকে উপকৃত করবে।

READ MORE.....