রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের উড়াসাই গ্রাম পঞ্চতের দুর্গাপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উন্নয়নের সংলাপ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্যা তথা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিবেকানন্দ রায়, মুজিবর রহমান ও পবন কুমার সাউ সহ অন্যান্যরা।
কর্মসূচিতে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। শ্রীকান্ত মাহাতো রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, ২০১১ সালে আপনাদের আশীর্বাদে বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার বাংলার মানুষের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যের সিপিএমের আমলে এই এলাকায় মানুষের কথা বলার কোন অধিকার ছিল না, সিপিএমের হার্মাদ বাহিনীর অত্যাচার কথা আজও মানুষ ভুলে যায়নি।
রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর উন্নয়নের মাধ্যমে এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। মানুষের কথা বলার নৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছেন। সিপিএমের হার্মাদরা বিজেপি দলের নাম লিখিয়ে এই এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। তিনি সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
বলেন, সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত করছে রাজ্যের প্রাপ্য টাকা না দিয়ে। তিনি সর্বস্তরের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য আহ্বান জানান এবং তিনি সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে এই এলাকা থেকে উৎখাত করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের হাতে-হাত মিলিয়ে মানুষের উন্নয়নের কাজ করার আহ্বান জানান।













