অভিজ্ঞ ও নতুনদের মিশেলে এশিয়া কাপের স্কোয়াড সাজিয়েছে ওমান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চারজনকে দলে ডেকেছে তারা।এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ওমান। টুর্নামেন্টটির জন্য মঙ্গলবার অভিজ্ঞ ওপেনার জাতিন্দার সিংয়ের নেতৃত্বে ১৭ জনের দল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।দলে ডাক পাওয়া নতুন মুখ চারজন হলেন-সুফিয়ান ইউসুফ, জিকরিয়া ইসলাম, ফয়সাল শাহ ও নাদিম খান। এদের একজনের কেবল স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা আছে। সেটাও এক ম্যাচের।
২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০’তে আবাহনী লিমিটেডের হয়ে একটি ম্যাচ খেলেন জিকরিয়া। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেদিন ১ ওভারে ২৪ রান দিয়ে এক উইকেট নেন তিনি। পরে ১১ নম্বরে নেমে ২ রান নিয়ে থাকেন অপরাজিত।এশিয়া কাপে ‘এ’ গ্রুপে পড়েছে ওমান। যেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি।আগামী ১২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ওমান। আরব আমিরাতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে দলটি।আন্তর্জাতিক ক্রিকেটে ওমান সবশেষ মাঠে নামে গত মে মাসে। বিশ্বকাপের লিগ টু-এর লড়াইয়ে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ওমান। এশিয়া কাপ হতে যাচ্ছে তাদের অংশ নেওয়া দ্বিতীয় বড় কোনো বহুদলীয় টুর্নামেন্টে।
∆ একনজরে ওমান স্কোয়াড:
জাতিন্দার সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, ভিনায়াক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কালিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, কারান সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায় শ্রিভাস্তাভা














