ভোটার তালিকার সংশোধনের (এসআইআর) নামে চক্রান্ত করে ভারতীয় নাগরিকদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যায় বামফ্রন্টের তরফে তীব্র প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা হাটে। বামফ্রন্টের উদ্যোগে আয়োজিত এদিনের প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচিতে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন সিপিএমের সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক মোফাজ্জল হোসেন, বামফ্রন্ট নেতা কান্তি ভূষণ সরকার, সুনীল কিসকু, অমল বৈশ্যমালি, রহমান মন্ডল প্রমুখ।
কর্মসূচির শুরুতে একটি প্রতিবাদ মিছিল মোহনা এলাকা পরিক্রমা করে নির্বাচন কমিশন ও কেন্দ্রের মোদি সরকারের ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত নাগরিকদের তালিকা থেকে বাদ দেওয়ার গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। মোহনা এলাকা পরিক্রমা করার পর প্রতিবাদ মিছিল মোহনা বাসস্ট্যান্ডে এসে সমবেত হয়।
এখানে আয়োজিত পথসভায় বামফ্রন্ট নেতা তথা সারা ভারত কৃষক সভার দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে (এসআইআর) কেন্দ্রের বিজেপি তথা আরএসএস পরিচালিত সরকার ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এই কাজে ভারতের নির্বাচন কমিশন নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে। তিনি ভোটার তালিকা সংশোধনের নামে এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকা, সঠিকভাবে কাজ করা ও গর্জে ওঠার আহ্বান জানান।
মোফাজ্জল হোসেন বলেন, ভারতবর্ষে যদি বিদেশি মানুষজনের নাম ভোটার তালিকায় থেকে থাকে তাহলে সেগুলোকে বাদ দেওয়া হোক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই তালিকা সংশোধনের নামে বিহার রাজ্যে ইতিমধ্যেই ৬৫ লক্ষ প্রকৃত নাগরিকের নাম বাদ দেওয়া হয়েছে। বছরের পর বছর এই দেশে বসবাস করে, বাপ-দাদারা এদেশে জন্মগ্রহণ করার পরও নিজেদের এই দেশের নাগরিক প্রমাণ দিতে হচ্ছে,এটি অত্যন্ত লজ্জাজনক। এর আগে কেন্দ্রের সরকার এনআরসি এবং সিএএ-র মাধ্যমে ভারতের সংখ্যালঘু সম্প্রদায় ও অন্যান্য শ্রেণীর মানুষকে তালিকা থেকে বাদ দেওয়ার গভীর ষড়যন্ত্র করেছিল। আগের ষড়যন্ত্র পুরোপুরি সফল না হওয়ায় এবার এসআইআর নাম দিয়ে পুরনো ষড়যন্ত্র আবার নতুন করে শুরু করেছে বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার এবং তাদের আজ্ঞাবহ ভারতের নির্বাচন কমিশন।
তিনি এই চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত ভারতীয় নাগরিকদের বিভিন্নভাবে অপদস্থ করার প্রক্রিয়ার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া কান্তি ভূষণ সরকার, সুনীল কিসকু, রহমান মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন যে, আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের নামে ভারতীয় নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।













