এসআইআর কর্মসূচি চলাকালীনই মালদহ জেলায় পৌঁছল নির্বাচন কমিশনের একটি বিশেষ পর্যবেক্ষক দল।পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলটি মালদহে উপস্থিত হয়। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল,উপ নির্বাচন কমিশনার অভিনব আগরওয়াল সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক।মালদহে পৌঁছেই দলটি জেলা নির্বাচন আধিকারিক ও জেলাশাসক প্রীতি গোয়েলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে।
জেলার নির্বাচন সংক্রান্ত অগ্রগতি, ভোটার তালিকা সংশোধন, বুথ পর্যায়ের কাজ এবং বিভিন্ন স্তরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে মালদহে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল বলে মনে করছে নির্বাচন কমিশন।তাই কোনওরকম ঘাটতি বা অনিয়ম এড়াতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।জানা গেছে,দলটি একাধিক ব্লক ও নির্বাচন কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করবে। সামগ্রিকভাবে মালদহে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠ রাখতে এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।















