এস আই আর ফর্ম নিয়ে বসে তৃণমূলের নেতা কর্মীরা। সমাজ মাধ্যমে পোস্ট হওয়া ভাইরাল ছবি হাতে নিয়ে কাঁকসার বিডিও অফিসের গেট বন্ধ করে বিক্ষোভে বসে বিজেপি কর্মীরা। গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। সেইমতো মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কাঁকসা ব্লকেও বাড়ি-বাড়ি এসআইআর ফর্ম বিতরণ করার কাজ শুরু হয়।
তবে বুধবার সন্ধ্যায় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী কার্তিক সিং ও এক পঞ্চায়েতের সদস্যকে এসআইআর ফর্ম নিয়ে বসে থাকতে দেখা যায়। সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই বৃহস্পতিবার ঘটনার প্রতিবাদে নামে বিজেপি কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার কাঁকসা বিডিও অফিসের গেট বন্ধ করে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভে বসেন। বিজেপির বিক্ষোভ ঘিরে বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মার অভিযোগ, সমস্ত ফর্ম নির্বাচন কমিশনের লোকেরা বাড়ি বাড়ি বিলি করবেন, সেই ফর্ম দেখা যাচ্ছে তৃণমূল নেতারা নিয়ে বসে আছে।
তার অভিযোগ, তৃণমূল নেতা কর্মীদের হাতে এসআইআর ফর্ম গেল কিভাবে। কার নির্দেশে বিডিও কাঁকসা ব্লকে প্রশাসন চালাচ্ছেন। তার উত্তর চাইতেই তারা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। যতক্ষণ না তারা উত্তর পাচ্ছেন না, ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি কর্মীরা। যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য দাবি করেন, বিজেপি ভয় পেয়ে এই সব করছে। কাঁকসার সব বুথে তারা বিএলএ দিতে পারে নি।
যদি এমন ছবি ভাইরাল হয়ে থাকে তাহলে সেটা আগে বিএলও কে ধরা উচিত। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানোর পর বিজেপি কর্মীরা কাঁকসার বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানান। কাঁকসার বিডিও সৌরভ গুপ্তা জানিয়েছেন, এই বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই তিনি ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনার তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন এসআইআর ফর্ম বিএলও’র কাছেই আছে। তবে ভাইরাল ছবিতে তৃণমূল নেতাদের কাছে কিসের ফর্ম রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।















