সুইং আর মুভমেন্ট তো কিছু ছিলই। সঙ্গে যোগ হলো শর্ট বলের মহড়া। নিউ জিল্যান্ডের পেসারদের দুর্দান্ত বোলিংয়ের জবাব খুব একটা দিতে পারল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। অল্প পুঁজি নিয়ে ক্যারিবিয়ান বোলাররা লড়াইয়ের চেষ্টা করল বেশ। তবে লক্ষ্য ছোট থাকায় শেষ পর্যন্ত খুব সমস্যায় পড়তে হলো না কিউইদের।শেষ ওয়ানডেতে ৪ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।হ্যামিল্টনে শনিবার ক্যারিবিয়ানদের ইনিংস ১৬১ রানেই শেষ হয় ৩৬.২ ওভারে। কোনো ব্যাটসম্যানই স্পর্শ করতে পারেননি ৪০ রান।চার উইকেট শিকার করেন ম্যাট হেনরি। ওয়ানডে ক্যারিয়ারে ৯২ ইনিংসেই ১৩ বার ৪ উইকেটের স্বাদ পেলেন এই পেসার, ৫ উইকেট নিয়েছেন আরও তিন দফায়।
রান তাড়ায় শুরুটা ভালো না হলেও মার্ক চ্যাপম্যানের ফিফটিতে কিউইরা ম্যাচ শেষ করে দেয় প্রায় ২০ ওভার বাকি রেখেই।টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল বেশ আগ্রাসী। তৃতীয় ওভারেই হেনরিকে দুটি ছক্কা মারেন আকিম ওগিস। প্রথম চার ওভারে রান ওঠে ৩০।
দুই ছক্কার জবাবে পরের ওভারেই দুই উইকেট আদায় করে নেন হেনরি। তিন বলের মধ্যে তিনি ফিরিয়ে দেন ওগিস (১৭) ও কেসি কার্টিকে (০)।আরেক ওপেনার জন ক্যাম্পবেলের শুরুটাও ছিল ভালো। কাইল জেমিসনের এক ওভারে দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। কিন্তু তাকে ২৬ রানে ফিরিয়ে শোধ তোলেন জেমিসনও।আগের ম্যাচে ঝড়ো সেঞ্চুরি করা শেই হোপ (১৬) ফেরেন জ্যাক ফোকসের লেগ স্টাম্পে বাইরের বলে। আশা জাগিয়েও বড় কিছু করতে পারেননি শেরফেন রাদারফোর্ড (১৯)।পেসারদের ছোবলের পর মিচেল স্যান্টনারের জোড়া ছোবলে ক্যারিবিয়ানদের রান হয়ে যায় ৭ উইকেটে ৯৫।
এরপর রোস্টন হেইস কিছুক্ষণ লড়াই করে ৩৮ রানের ইনিংস খেলেন। দশে নেমে খ্যারি পিয়ের দুই ছক্কায় ২২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে পার করান ১৬০।রান তাড়ায় নিউজিল্যান্ডও খুব ভালো শুরু করতে পারেনি। ম্যাথু ফোর্ড ও জর্ডান সিলস দ্রুতই ফেরান ডেভন কনওয়ে, রাচিন রাভিন্দ্রা ও উইল ইয়াংকে। পরে অভিজ্ঞ টম ল্যাথামও যখন বিদায় নেন, দলের রান তখন ৪ উইকেটে ৭০।তবে চাপের মধ্যে পাল্টা আক্রমণ চালিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েল। ৪৮ বলে ৭৫ রানের জুটি গড়েন দুজন।
ড্যারিল মিচেলের চোটের কারণে সুযোগ পাওয়া চ্যাপমান আউট হন ৬৩ বলে ৬৮ রান করে। শেষ দিকে আউট হয়ে যান অধিনায়ক স্যান্টনারও। তবে দলের জয় সঙ্গে নিয়েই ফেরেন ব্রেসওয়েল (৩১ বলে ৪০*)।চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হেনরি। সাত উইকেট নিয়ে সিরিজের সেরা জেমিসন।টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর দুই দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ক্রাইস্টচার্চে শুরু ২ ডিসেম্বর, পরেরটি ওয়েলিংটনে ১০ ডিসেম্বর।















