স্লোভাকিয়ায় আয়োজিত বিশ্ব অনূর্ধ্ব-২০ কুস্তি চ্যাম্পিয়নশিপে দুরন্ত সাফল্য অব্যাহত রাখলেন ভারতীয় মহিলা কুস্তিগিররা। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে রূপো জিতলেন মানসী লাথের এবং ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিলেন তানভী গুন্দেশ মাগদুম ও কোমল। মহিলাদের ৬৮ কেজি বিভাগের ফাইনালে চিনের চেনলিং সং-এর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চালান মানসী। শেষ পর্যন্ত ১-২ পয়েন্টে অল্পের জন্য পরাস্ত হয়ে তাঁকে রূপোতেই সন্তুষ্ট থাকতে হয়। অন্যদিকে ব্রোঞ্জ নির্ধারণী প্লে-অফ ম্যাচে ভারতের ঝুলিতে আসে আরও দুটি পদক। ৫৭ কেজি বিভাগে কানাডার আগনিয়া ক্রাকোভস্কাকে ১০-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জেতেন তানভী।
পাশাপাশি ৫৯ কেজি বিভাগে হাঙ্গেরির এডা বালাজকে ৫-২ পয়েন্টে পর্যুদস্ত করে ব্রোঞ্জ নিশ্চিত করেন কোমল। এর আগে প্রতিযোগিতার শুরুতেই ৭৬ কেজি বিভাগে চিনের জিংরু সানকে ৭-০ ব্যবধানে উড়িয়ে বিশ্ব খেতাব জিতেছিলেন ১৮ বছর বয়সি ভারতীয় কুস্তিগির কাজল ঢোচক। এ ছাড়া ৭২ কেজিতে তনু শর্মা ও ৬২ কেজি বিভাগে সবিতা রূপো জেতেন। মহিলা বিভাগের এই অনবদ্য সাফল্যের পর এবার ভারতীয় দলের নজর পুরুষদের ফ্রিস্টাইল বিভাগের ৫৭, ৬৫, ৭৯ এবং ৯২ কেজি ইভেন্টের দিকে। ভারতীয় পদকজয়ীদের তালিকা (মহিলা বিভাগ) : মানসী লাথের (৬৮ কেজি) – রূপো। তানভী গুন্দেশ মাগদুম (৫৭ কেজি) – ব্রোঞ্জ। কোমল (৫৯ কেজি) – ব্রোঞ্জ।














