আসানসোলে কেন্দ্রীয় সরকারের অতি সম্প্রতি কার্যকর করা চারটি শ্রম বিধির বিরুদ্ধে এদিন ১২টি বামপন্থী শ্রমিক সংগঠন একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা মিছিল শেষে আসানসোলের শ্রম বা লেবার কমিশনারের কার্যালয়ে যান এবং কেন্দ্রীয় সরকারের এই চারটি শ্রমবিধির বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দেন। এর মাধ্যমে তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে এই চারটি শ্রমবিধি এবং গত ২১ নভেম্বর কেন্দ্রীয় সরকারের জারি করা গেজেট অবিলম্বে বাতিলের দাবি জানান।
মিছিলে অংশ নেওয়া বামপন্থী শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে এই চারটি শ্রম বিধি বাস্তবায়ন করেছে, যা পুরোপুরি শ্রমিক বিরোধী। তাদের দাবি, এই নতুন নীতিগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে সংগ্রামের মাধ্যমে শ্রমিকরা যে অধিকার অর্জন করেছে, তার উপর সরাসরি আঘাত হানবে। এই কারণে, সংগঠনগুলি অবিলম্বে এই শ্রমবিধিগুলি প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছে।
বিক্ষোভ মিছিলে ঐসব শ্রমিক সংগঠনের বহু প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তাঁরা সম্মিলিতভাবে তাঁদের প্রতিবাদ জানান।














