দক্ষিণ ২৪ পরগনা: ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা শুরু হতে আর মাত্র কিছু সপ্তাহ বাকি। সেই উপলক্ষে গঙ্গাসাগর জুড়ে চলছে জোর প্রস্তুতি। প্রতি বছরই ভরা কোটাল ও প্রাকৃতিক দুর্যোগের ফলে কপিলমুনি আশ্রমের সামনের সাগর পাড় এলাকায় ভয়াবহ ভাঙন তৈরি হয়। এই ভাঙন রোধ করে নিরাপদ স্নানঘাট বানানোই এখন সেচ দপ্তরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্রুতগতিতে বালুভর্তি ব্যারিয়ার বসানো, ঘাটের মাটি শক্ত করা এবং পাথর ফেলার কাজ চলছে দিনরাত।
এই প্রস্তুতি ঠিকভাবে এগোচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গঙ্গাসাগরে পৌঁছান ডিভিশনাল কমিশনার জগদীশ মিনা। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার এডিএম, মহকুমা প্রশাসক, সেচ দপ্তরের আধিকারিক ও স্থানীয় পুলিশের কর্তারা। তাঁরা কপিলমুনি আশ্রম সংলগ্ন ১ থেকে ৬ নম্বর স্নানঘাট ঘুরে দেখেন। প্রতিটি ঘাটে নির্মাণের অগ্রগতি, নিরাপত্তা বেষ্টনী, লাইটিং, পথ নির্দেশিকা এবং ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থাও খতিয়ে দেখেন তাঁরা।
আজই তিনি গঙ্গাসাগর মেলা অফিসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। মেলা চলাকালীন জল, বিদ্যুৎ, চিকিৎসা, উদ্ধারকাজ, নিরাপত্তা, পরিবহণ এবং নজরদারির মতো বিষয়গুলো নিয়েই হবে আলোচনার মূল ফোকাস।
আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করবেন স্নানের উদ্দেশ্যে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে আগত ভক্তদের নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন।














