Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গোয়া কাণ্ডের প্রভাব কলকাতাতেও ! রেস্টুরেন্টগুলিতে পরিদর্শনে পুরসভা

গোয়া কাণ্ডের প্রভাব কলকাতাতেও ! রেস্টুরেন্টগুলিতে পরিদর্শনে পুরসভা

গোয়ার একটি রুফটপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ২৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সরাসরি প্রভাব পড়ল কলকাতায়। এই ঘটনার পর শহরের রুফটপ রেস্টুরেন্টগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক হল কলকাতা পুরসভা। মঙ্গলবার থেকেই শহরের নথিভুক্ত রুফটপ রেস্টুরেন্টগুলিতে শুরু হচ্ছে পুরসভার আধিকারিকদের আচমকা পরিদর্শন । এই নজরদারি চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি পরিদর্শনের ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। প্রসঙ্গত, এই বছর ২৯ এপ্রিল বড়বাজারের একটি রুফটপ রেস্টুরেন্টে আগুন লেগে শিশু-সহ ১৪ জনের মৃত্যু হয়েছিল।

 

সেই দুর্ঘটনার পর নবান্নের নির্দেশে পুরসভা শহরের সমস্ত রুফটপ ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দেয়। পরে কিছু শর্তসাপেক্ষে দুর্গাপুজোর আগে পুরনোগুলিকে খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু স্পষ্ট জানানো হয়েছিল, নতুন কোনো রুফটপ রেস্টুরেন্ট চালু করা যাবে না। পাঁচ সদস্যের মন্ত্রিগোষ্ঠী রুফটপ রেস্টুরেন্ট সংক্রান্ত একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর বা এসওপি প্রকাশ করেছিল। মেয়র ফিরহাদ হাকিম তখন জানিয়েছিলেন, পুজোর আগে রেস্তোরাঁ খুলতে হলে সমস্ত শর্ত তিন মাসের মধ্যে মানতেই হবে। সেই ত্রৈমাসিক সময়সীমা চলতি সপ্তাহেই শেষ হচ্ছে। এর মধ্যেই গোয়ার দুর্ঘটনা কর্তৃপক্ষকে নতুন করে সতর্ক করল। এসওপিতে কী ছিল? ছাদের রাস্তার দিকের অন্তত ৫০ শতাংশ খোলা রাখতে হবে বাসিন্দাদের যাতায়াতের জন্য। রাখতে হবে আলাদা সিঁড়ি।

 

বহুতলের সিঁড়ির দরজা সবসময় খোলা রাখতে হবে।নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি বাড়াতে হবে। গ্যাস সিলিন্ডার ও স্টোভ ব্যবহার নিষিদ্ধ। রান্না করতে হবে মাইক্রোওভেন বা ইনডাকশনে। পুরসভার বিল্ডিং বিভাগ জানিয়েছে, শহরে মোট ৮৪টি রুফটপ রেস্তোরাঁ নথিভুক্ত রয়েছে। কিন্তু এর মধ্যে মাত্র ৩০টি রেস্তোরাঁ লিখিতভাবে জানিয়েছে যে, তারা সরকারের নির্ধারিত এসওপি মেনে চলবে। পরিদর্শক দল এখন দেখবে, এই প্রতিষ্ঠানগুলি সত্যিই নিয়ম মেনে চলছে কি না। নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুরসভা কঠোর অবস্থান নিচ্ছে। শর্ত না মানলে লাইসেন্স বাতিল হবে এবং ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। ফাইল ফটো ।

READ MORE.....