রাষ্ট্রবাদী সরকার ফেলার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার আলিপুরে বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই ষড়যন্ত্র রুখতে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। পাশাপাশি ছারপোকাদের থেকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।
শুভেন্দুর কথায়, চারিদিকে অনেক ছারপোকা বেরিয়েছে, হালকাভাবে নেবেন না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর হুঁশিয়ারি, দেশের ভিতরে এই ছারপোকারা ঢুকে আছেন এবং তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।একই মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করুণ পরিণতির কারণও ব্যাখ্যা করেন শুভেন্দু। তাঁর দাবি, হিন্দু ধর্ম, সংগঠন, দেবদেবী, পরম্পরা ও সংস্কৃতিকে আঘাত করেছিলেন বলেই গণতান্ত্রিক পথে মমতার এই পরিণতি হয়েছে। কলকাতাকে ডিভোশনাল ক্যাপিটাল বলে উল্লেখ করেন তিনি।
বিগত সরকারের আমলে ধর্ম দেখে অত্যাচারের খতিয়ানও তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে অপারেশন সিঁদুর প্রসঙ্গও।বর্তমান সরকারের আমলে রাজ্যের মাটিতে এসব করা যাবে না বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। ফের জানান, বিজেপি সরকার যতদিন আছে, কোনও সন্ত-সাধুর অপমান বরদাস্ত করা হবে না। সম্প্রতি বাগেশ্বর বাবার অপমানও কড়া হাতে দমন করেছিল সরকার।শুভেন্দু বলেন, মোদিজি ভারতবর্ষকে বিশ্বগুরু করে দিয়েছেন। কিন্তু ভিতরে যাঁরা ঢুকে আছেন, তাঁদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ হতে হবে। তিনি আরও ঘোষণা করেন, ছমাসের মধ্যে কঠোর আইন এনে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ ও ধর্মান্তরণ বন্ধ করা হবে।















