আগামী ৮আগস্ট নয়। পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন আগামী ৫ আগস্ট। শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে এ কথা জানা গিয়েছে। আগামী ৬ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা সন্ত্রাস নিয়ে ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন। এজন্য ওই জেলার একাধিক নেতা ব্যস্ত থাকবেন।এছাড়া অগাস্ট আন্দোলন , রাখি বন্ধন এরকম একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের।
সেই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হচ্ছে শুক্রবার থেকে। এরফলে বহু নেতাই ব্যস্ত হয়ে পড়বেন। এইসব কারণ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দিনক্ষণ পরিবর্তনের জন্য বলা হয়। সেই প্রেক্ষিতে পরিবর্তিত কর্মসূচি ঠিক হয়েছে ৫ আগস্ট। এই বৈঠক হবে ভার্চুয়ালি। রাজ্যের চার হাজার নেতা এবং শাখা সংগঠনের প্রধানরা ওই বৈঠকে যোগ দেবেন। দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুই ভাগে ওই বৈঠক করা যায় কিনা সে সম্পর্কেও চিন্তাভাবনা করা হচ্ছে।
এই বৈঠকের গুরুত্ব হচ্ছে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন যে তথ্য সংগ্রহ করবে সে সম্পর্কে যেন দলের নেতারা অবহিত থাকেন। কোন অবস্থাতেই যেন একজন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন।এর মধ্যেই আবার পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করেছেন। তাদের নাম যেন ভোটার তালিকায় থাকে সে সম্পর্কেও নেতা কর্মীদের অবহিত করবেন অভিষেক।
যে সমস্ত পরিযায়ী শ্রমিক এখনো বাইরে রয়েছেন তাদের নামও যেন তালিকা থেকে বাদ না পড়ে। কয়েকদিন আগে অভিষেক বলেছিলেন দিল্লিতে বিজেপি নেতারা বলছেন বাংলা থেকে 2 কোটি ভোটার বাদ যাবে। আমি বলছি দুজন ভোটারকে বাদ দিয়ে দেখান। আমরা সব বুঝে নেব। তবে এই চ্যালেঞ্জ কে বিজেপি গ্রহণ করেছে। ইতিমধ্যেই তারা বাংলার ১৭ লক্ষ রোহিঙ্গা এবং মৃত ভোটারের নামে তালিকা কমিশনে জমা দিয়েছে। ভুয়া ভোটার তৈরির একটি চক্র দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ধরা পড়েছে। ভিডিওর পাসওয়ার্ড জাল করে ভোটারদের নাম ঢুকানো হয়েছে তালিকায়। যারা এক কথায় ভুয়া ভোটার।
পশ্চিমবঙ্গে বি এল ও দের ভোটার তালিকা তৈরি করার জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে যখন বাংলায় ভোটার তালিকা সংশোধনের জন্য বলবেন তখন তারা কাজ শুরু করবেন। পশ্চিমবঙ্গে বিহারের মতো দুইভাগেই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। জানা গিয়েছে প্রতিকূল আবহাওয়ার জন্য আপাতত ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা যাচ্ছে না। দুই একদিনের মধ্যেই বৃষ্টির প্রকোপ কমবে এবং প্লাবিত এলাকার জল নামলে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে বাংলাতে।
অভিষেকের দেখা বৈঠকে প্রত্যেকটি জেলা সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যান, মেয়র,ডেপুটি মেয়র, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব থাকবেন। কলকাতায় অবশ্য প্রত্যেকটি কাউন্সিলরকে বৈঠকে থাকতে বলা হয়েছে। এছাড়া দলের বিধায়ক এবং সংসদদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে















