বর্ধমান রেঞ্জের ডিআইজির নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করে গ্রেপ্তার এক যুবক। বিভিন্নভাবে প্রতারণার অভিযোগে পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম থানার পুলিশ রাজস্থান থেকে মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করল। ভুয়ো প্রোফাইল ব্যবহার করে সরকারি দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু হয়েছিল।
অভিযোগের তদন্তে নেমে পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম থানা অভিযুক্তের ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখে এবং গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে। আত্মগোপনের উদ্দেশ্যে অভিযুক্ত অন্য ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করছিল বলে পুলিশ তদন্তে জানতে পারে। প্রযুক্তিগত বিশ্লেষণ ও তথ্যসূত্রের ভিত্তিতে প্রকৃত অভিযুক্তকে শনাক্ত করে তদন্তকারী অফিসারেরা।
এরপরই পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ দল রাজস্থানে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে তার ব্যবহৃত ইলেকট্রনিক গ্যাজেট সহ গ্রেপ্তার করে। শনিবার অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।














