আবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’। তবে তার সরাসরি প্রভাব বাংলা পড়ার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপে তা পরিণত হওয়ার সম্ভাবনা। ক্রমশ গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা।
ঘূর্ণিঝড়টির নাম ‘সেনিয়ার’ । নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যার অর্থ ‘সিংহ’। এটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফলের সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে।













