নতুন বছরের শুরুতে ভ্রমণপিপাসুদের জন্য বড় ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে একগুচ্ছ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতের আমেজ আর ছুটির মেজাজে পর্যটকদের ভিড় সামলাতেই এই আগাম উপহার রেল কর্তৃপক্ষের। মূলত দিঘা, পুরী এবং দক্ষিণ ভারতের জনপ্রিয় রুটগুলিতে এই বাড়তি পরিষেবা মিলবে। নিরাপদ ও স্বচ্ছন্দ সফর নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
শালিমার থেকে ভঞ্জপুরগামী বিশেষ ট্রেনটি ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, ভঞ্জপুর থেকে পুরী এবং শালিমার থেকে পুরী যাওয়ার ট্রেনগুলিও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে পরিষেবা দেবে। দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে শালিমার-চেন্নাই সেন্ট্রাল বিশেষ ট্রেনটি ৫ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। ওড়িশা ও দক্ষিণ ভারতের পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতের যোগাযোগ ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে।
সাঁতরাগাছি স্টেশন থেকেও থাকছে একাধিক বিকল্প। পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য দিঘার জন্য ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ ট্রেন চলবে। এছাড়া দক্ষিণ ভারতের ইয়েলাহাঙ্কা এবং রাজস্থানের আজমেঢ় রুটেও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সাঁতরাগাছি-আজমেঢ় ট্রেনটি ৫ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো হবে। রেল সূত্রে জানানো হয়েছে, উৎসবের মরশুমে নিয়মিত ট্রেনগুলিতে টিকিটের আকাল থাকে। এই বিশেষ ট্রেনগুলি চালু হওয়ায় সাধারণ যাত্রীরা হয়রানি এড়িয়ে সহজেই গন্তব্যে পৌঁছতে পারবেন।













