সফল ক্রিকেট কেরিয়ার। বিলাসবহুল জীবন। কিছুদিন আগেই দ্বিতীয়বার বিয়ে করেছেন। শিখর ধাওয়ানের জীবন তো সফল ও সুন্দর বলেই ধরা উচিত। কিন্তু এর মধ্যেও একটা চাপা যন্ত্রণা রয়েছে। ক্রিকেটার বা স্বামী হিসেবে নয়। বাবা হিসেবে। চারবছর হয়ে গেল ছেলে জোরাবরকে দেখতে পারেননি। বহুবার মেসেজ করেছেন। লাভ হয়নি। এখনও একটাই প্রার্থনা, ছেলে তাঁর জীবনে ফিরে আসুক। ২০১২ সালে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। দু’বছর পর তাঁদের ছেলে হয়। নাম জোরাবর। কিন্তু অত্যন্ত তিক্ততার মধ্যে আয়েশার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন শেষ হয়। ২০২৩-এ বিবাহবিচ্ছেদের পর থেকে আয়েশার জীবনে তিনি ‘ব্লকড’। ১১ বছরের ছেলে থাকে মায়ের সঙ্গে। তাই দেখা হয় না। কিছুদিন আগে সোফি সাইনকে বিয়ে করেছেন। কিন্তু ছেলের না থাকা ভুলতে পারছেন না।
ধাওয়ান বলছেন, “চার বছর হয়ে গেল, জোরাবরের সঙ্গে আমি কথা বলতে পারিনি। আমার সঙ্গে ওদের কোনও যোগাযোগ নেই। কিন্তু আমি নিয়মিত মেসেজ পাঠাই। ওই নম্বরটা ব্লক করে রাখা আছে। আমি প্রার্থনা করি, জোরাবর আমার জীবনে ফিরে আসুক। ওর কথা ভাবলেই আমার সব দুঃখ চলে যায়। কত ইতিবাচক থাকি। আমি ওর সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেই যাব। আমি ওর বাবা। আজীবন ওকে ভালোবেসে যাব।২০২৩-এ মানসিক নির্যাতনে বিবাহ বিচ্ছেদে অনুমতি দিয়েছে দিল্লির আদালত।
সেই সঙ্গে আদালত ছেলেকে দেখার অনুমতিও দেয়। কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করেছেন শিখরের প্রাক্তন স্ত্রী আয়েশা। তারপর থেকেই ছেলের সঙ্গে সাক্ষাৎ নেই। জোরাবর মায়ের কাছে অস্ট্রেলিয়ায় থাকে। এমনকী জন্মদিনে শুভেচ্ছা পর্যন্ত পাঠাতে পারেন না। শিখরের ফোন ও সমস্ত সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নাকি ব্লক করে দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী। এর আগে ছেলের জন্মদিনে আবেগপ্রবণ হয়ে লিখেছিলেন, ‘তোমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছি না, কিন্তু টেলিপ্যাথির মাধ্যমে আমাদের যোগ রয়েছে। বাবা তোমাকে খুব ভালবাসে। ঈশ্বরের দয়ায় আবার আমাদের দেখা হবে। দুষ্টুমি করো, কিন্তু কারওর ক্ষতি করো না। তোমাকে দেখতে না পেলেও রোজ তোমার জন্য মেসেজ লিখি।’ চলতি বছরেই সোফি সাইনকে বিয়ে করেন ধাওয়ান। ছেলেকে না পাওয়ার যন্ত্রণা কিছুটা ভুলিয়েছেন সোফি। জীবনে একটু শান্তি পেয়েছেন। ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’ বলছেন, “আমি চার-পাঁচ বছর একা ছিলাম। খুব উপভোগ করেছি ওই সময়টা। কিন্তু জীবনে সোফি আসার পর আমার জীবনে একটা স্থিরতা এসেছে। আমার রুটিন বদলে গিয়েছে। সেটা ভালোই হয়েছে। আমার জীবনে শান্তি এসেছে।
এখন অনেক শৃঙ্খলাবদ্ধ জীবযাপন করি। শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন দু’জনে। আইরিশ কন্যা সোফি একজন প্রোডাক্ট কনসালট্যান্ট। এখন তিনি মার্কিন আর্থিক পরিষেবা কোম্পানি নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। এখন শিখর ও সোফি গুরুগ্রামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন। অ্যাপার্টমেন্টটির দাম ৬৯ কোটি টাকা। ১৭ একর জমির উপর দাহিলাস নামের এই প্রজেক্টটি গতবছর আগস্টে শুরু হয়। দাহিলাসে গব্বরের ফ্ল্যাটের আয়তন ৬,০৪০ স্কোয়ার ফিট। গলফ কোর্স রোডের এই প্রজেক্টকে মোট ৪২০টি আবাসন ও পেন্টহাউস আছে। তা সত্ত্বেও ছেলের অভাবে সুখে নেই ধাওয়ান।











