কচিকাঁচা শিশুদের নিয়ে নবান্ন উৎসব পালিত হলো ইংলিশ বাজার শহর চক্রের মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ে। এদিন শিশুদের কলা পাতায় পরিবেশন করা হয় চিঁড়ে, দুই রকম দই, বোঁদে ও রসগোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, এ.আই. প্রাইমারি নয়ন কুমার দাস, ইংরেজবাজার শহর চক্রের বিদ্যালয় পরিদর্শক রীতা চৌধুরী মহাশয়া ও এফ.ও. মহাশয়। বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৮৬ জন এবং শিক্ষক সংখ্যা ৭। গত বছর বিদ্যালয় সিসি ক্যামেরা বসিয়ে নজর কেড়েছে। তার ওপর এই বছরের নবান্ন ভোজন সকলের নজর কেড়েছে। এই ধরনের অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন নবনিযুক্ত ডি.আই. মলয় মণ্ডল। বিদ্যালয়ের সহ-শিক্ষক তারক ঝাঁ জানিয়েছেন, বিদ্যালয়ে প্রতিদিন মিড-ডে মিলের রান্না হয়, পরীক্ষার শেষে ছাত্রছাত্রীদের আনন্দ দিতে তারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন।
বিদ্যালয়ের ছাত্রছাত্রী আবির ঘোষ, অন্বেষা হালদার, দ্বীপ মণ্ডল জানিয়েছে, সোমবার থেকে তাদের পরীক্ষা শুরু। পরীক্ষার আগে এই নবান্ন উৎসবে তারা যথেষ্ট আনন্দ পেয়েছে। শিক্ষকদের সহযোগিতায় তারা নানান রকম খাবার খেতে পেয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল জানিয়েছেন, এই ধরনের ছোট ছোট উৎসবের ফলে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী হওয়ার প্রবণতা বাড়ে। সোমবার তারই মূল্যায়ন এবং মূল্যায়নের আগে এই অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জেলার সমস্ত স্কুল এই ধরনের ছোটখাটো অনুষ্ঠান করলে বিদ্যালয়গুলি ছাত্র-ছাত্রীদের কাছে আনন্দ আশ্রম হয়ে উঠবে এবং উপস্থিতির হারও বাড়বে।













