শিশুদের অতিরিক্ত ডিজিটাল পর্দা বা স্ক্রিন নির্ভরতা এবং মাদকাসক্তির ঝুঁকি মোকাবিলায় শিক্ষকদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষক দিবসের প্রাক্কালে শুক্রবার সন্ধ্যায় নিজের সরকারি বাসভবনে জাতীয় শিক্ষক পুরস্কারজয়ী ৮২ জন শিক্ষকের সঙ্গে এক বিশেষ মতবিনিময় অনুষ্ঠানে এই বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আধুনিক সময়ে যৌথ পরিবারের ধারণা হ্রাস পাওয়ায় শিশুদের সামগ্রিক বিকাশে শিক্ষকদের গুরুত্ব আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই কেবল পাঠ্যবই বা পরীক্ষার নম্বরের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের আচার-আচরণ ও দৈনন্দিন গতিবিধির ওপর নজর রাখা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, কোনো পড়ুয়ার স্বভাবে অস্বাভাবিক পরিবর্তন বা মাদকাসক্তির লক্ষণ দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে তাকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে শিক্ষকদের উদ্যোগী হতে হবে। শিশুদের অতিরিক্ত মোবাইল ও কম্পিউটার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, গভীর রাত পর্যন্ত ফোন ব্যবহারের অভ্যাস রোধ করতে শিক্ষকদের অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে।
কেবল স্ক্রিনের জগৎ থেকে তাদের বের করে আনতে খেলাধুলা, শারীরিক কসরত এবং সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহী করে তোলার ওপর জোর দেন তিনি। জাতীয় শিক্ষানীতির উল্লেখ করে মোদী বলেন, শিশুদের শ্রেণিকক্ষের চার দেওয়ালের বাইরে নিয়ে গিয়ে বাস্তব জীবনের দক্ষতা ও কায়িক শ্রমের মর্যাদার মূল্যবোধ শেখানো উচিত, যাতে তাদের সহজাত কৌতূহল ও শৈশবের সারল্য অটুট থাকে।














