মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশের পরই উত্তরবঙ্গে শুরু হল তীব্র রাজনৈতিক সংঘাত। রাজ্যের রিপোর্ট কার্ডের ঠিক পরেই উত্তরবঙ্গের বিজেপি বিধায়কেরা বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘পরিকাঠামোগত বঞ্চনার খসড়া’ প্রকাশ করলেন। বিধানসভার বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়ক এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বিজেপি বিধায়কদের মূল অভিযোগ, ৩.৭ লক্ষ কোটি টাকার রাজ্য বাজেটে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ মাত্র ৮৬১ কোটি টাকা, যা মোট বরাদ্দের ০.০০২ শতাংশ। ফালাকাটার বিধায়ক দীপক বর্মণের দাবি, কলকাতায় সামান্য একটি প্রকল্পে যে অর্থ বরাদ্দ হয়, তার সিকিভাগও উত্তরবঙ্গে ব্যয় করা হয় না। বিধায়কেরা একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্যের অনীহা তুলে ধরেন। তাঁরা অভিযোগ করেন, শিলিগুড়িতে রিং রোড তৈরির জন্য কেন্দ্র সাড়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করলেও জমি জটের কারণে সেই কাজ আটকে আছে। হাসিমারায় টার্মিনাল তৈরির জন্য ৩৭.৭৪ একর জমি রাজ্য সরকার দিচ্ছে না।
চা শিল্পে ন্যূনতম মজুরির স্থায়ী সমাধান হয়নি এবং শিল্পতালুকগুলিতে গরু চরে বেড়াচ্ছে । শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা তুলে ধরে বলেন, বার্ন ইউনিট, ক্যাথ ল্যাব বা নিউরো সার্জেন নেই। বিজেপির এই অভিযোগের তীব্র পাল্টা জবাব দিয়েছেন শিলিগুড়ির তৃণমূল মেয়র গৌতম দেব। তিনি বিজেপি বিধায়কদের প্রশ্ন করেন, বিপুল সংখ্যক আসন জেতার পর কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের জন্য কী কাজ করেছে, তার ‘শ্বেতপত্র’ প্রকাশ করুক।
তিনি বলেন, ২০১১ সালের আগে ক’টা বিশ্ববিদ্যালয় ছিল এখন কতগুলি রয়েছে? তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা আইআইটি-র মতো প্রকল্প কেন্দ্র দেয়নি, উল্টে রাজ্য সরকার ১০০ কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরি করছে। ৩৪ বছরে বাম আমলে যে উন্নয়ন হয়নি, তৃণমূল সরকার তা করেছে বলেও দাবি করেন গৌতম দেব।














