সামনেই দুর্গা পুজো। তার আগেই রাজ্যের বনকর্মীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফরেস্ট রেঞ্জার, বিট অফিসার, ফরেস্ট গার্ড ও বন সহায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গ জুড়ে বড়সড় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার সকালে ময়দানের পাশে মোহরকুঞ্জে গাছ লাগিয়ে এই কর্মসূচির শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবেশ রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে একাধিক বক্তব্য রাখেন তিনি।
তাঁর বক্তব্যে উঠে আসে ম্যানগ্রোভের প্রয়োজনীয়তার কথা। একইসঙ্গে বনকর্মীদের সুখবর শুনিয়ে ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড ও বন সহায়কদের বেতনও বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আকাশের থেকে বৃহত্তর কলকাতার দিকে তাকালে আপনাদের ভয় লাগবে। পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গিয়েছে।
আর নিউটাউন, কলকাতা পার করলেই সবুজের সুবাস পাওয়া যায়। তাই সিটি অফ জয়’কে বাঁচাতে চাইলে প্রচুর গাছ লাগাতে হবে। গোসাবা, হিঙ্গলগঞ্জ, টাকিতে রীতিমতো ম্যানগ্রোভের ধ্বংসলীলা চালানো হয়েছে। এই জায়গাগুলিতে বনের জমি দখল করে ইট ভাঁটা, টালি ভাঁটা বানিয়েছে। এই ম্যানগ্রোভ ছিল প্রাকৃতিক রক্ষাকর্তা। সাইক্লোন, কোটালের সময় এগুলোই রক্ষা করত। তাই আমরা সুন্দরবনে শীতকালে ৩ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি।’














