রাজ্যে রেল পরিষেবার খোলনলচে বদলে দিতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র। ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর অধীনে বাংলার ১০১টি স্টেশনের ভোলবদল হতে চলেছে। ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ভারতীয় রেলের এই পুনর্নির্মাণ কর্মসূচি সম্ভবত বিশ্বের বৃহত্তম স্টেশন আধুনিকীকরণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে ১,৩০০-র বেশি স্টেশনের আমূল পরিবর্তন ঘটানো হবে, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ।
আধুনিক যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া সব মিলিয়ে রেল স্টেশনগুলিকে এক নতুন রূপে সাজিয়ে তোলার তোড়জোড় শুরু হয়েছে। পূর্ব রেল সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ১০১টি স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৩,৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এই তালিকায় রয়েছে হাওড়া, শিয়ালদহ, নিউ জলপাইগুড়ি, খড়গপুর ও আসানসোলের মতো গুরুত্বপূর্ণ জংশন। বাদ যাচ্ছে না ব্যান্ডেল, চন্দননগর, মালদা টাউন, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শালিমার এবং সাঁতরাগাছির মতো স্টেশনগুলিও।
মূলত মহানগরের কেন্দ্রস্থল, সীমান্তবর্তী এলাকা এবং জনপ্রিয় তীর্থস্থান সংলগ্ন স্টেশনগুলিকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। রেল জানিয়েছে, আধুনিক প্রতীক্ষালয়, ডিজিটাল তথ্য-ব্যবস্থা এবং উন্নত চলাচল ব্যবস্থার পাশাপাশি বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বাড়তি স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা থাকছে এই নতুন পরিকল্পনায়। নিউ জলপাইগুড়ি স্টেশনকে উত্তর-পূর্ব ভারতের আধুনিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে এখানে তৈরি হচ্ছে নতুন টার্মিনাল এবং এয়ার কনকোর্স। অন্যদিকে, হাওড়া স্টেশনের ওপর থেকে যাত্রীদের চাপ কমাতে সাঁতরাগাছি স্টেশনকে একটি মাল্টি-মোডাল হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩৮০ কোটি টাকা।
সমান তালে উন্নয়নের কাজ চলছে আসানসোল এবং শালিমার স্টেশনেও। প্রতিটি স্টেশনের স্থাপত্যে ফুটে উঠবে সেই অঞ্চলের নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য। রেল পরিষেবা উন্নত করার লক্ষ্যে প্রযুক্তিগত দিক থেকেও অনেকটা এগিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যেই এই জ়োনের বিভিন্ন স্টেশনে ২৫০টি লিফট এবং ৪০০-র বেশি এসকালেটর বসানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ৫১০টি স্টেশনে চালু করা হয়েছে উচ্চগতির ওয়াইফাই সংযোগ। রেলের দাবি, এই পরিবর্তনের ফলে যাতায়াত আরও মসৃণ ও আরামদায়ক হবে। সামগ্রিকভাবে ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’ রাজ্যের রেল মানচিত্রকে এক আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে।













