ময়মনসিংহে পিটিয়ে খুন করা হয়েছে হিন্দু যুবক দীপু দাসকে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সংবাদমাধ্যমের অফিসে। এই অবস্থায় দীপু দাসকে পিটিয়ে খুনের ঘটনায় ভারতের রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। মোদি সরকারের উপরে চাপ বাড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধীর দাবি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব নিতে হবে কেন্দ্রকে।
শুক্রবার রাতে এক্স হ্যান্ডেলের এক পোস্টে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “বাংলাদেশে একদল জনতার হাতে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার খবর অত্যন্ত বিরক্তিকর। যেকোনও সভ্য সমাজে ধর্ম, বর্ণ বা পরিচয়ের ভিত্তিতে বৈষম্য, হিংসা এবং হত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার বিষয়টি লক্ষ্য করা। পাশাপাশি, এদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ঢাকাকে চাপ দিতে হবে বলেও দাবি করেন তিনি।















