বছরের ৩৬৫ দিন রাজ্যের সমস্ত সিনেমা হল, মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে অন্তত একটি করে বাংলা সিনেমা চালাতেই হবে, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষদের উদ্দেশে কড়া নির্দেশ রাজ্য সরকারের।
ওই বিবৃতিতে উল্লেখ, নিত্যদিন পশ্চিমবঙ্গের প্রতিটি হল এবং মাল্টিপ্লেক্সগুলিতে প্রাইম টাইম অর্থাৎ দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত একটি করে বাংলা সিনেমার শো রাখতেই হবে। লক্ষ্মীবারে বাংলা সিনেইন্ডাস্ট্রির ক্যাশবাক্স চাঙ্গা করতে রাজ্য সরকারের এহেন পদক্ষেপে খুশির জোয়ার টলিপাড়াতেও।
বলিউড কিংবা দক্ষিণের ‘দাদাগিরি’র কাছে যে বাংলা সিনেমাকে আর মাথা নোয়াতে হবে না, তা বলাই বাহুল্য। বর্তমানে রাজ্যজুড়ে যখন বাঙালি অস্মিতায় শান দেওয়া হচ্ছে, তখন সেই আবহেই বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী পদক্ষেপ, এমনটাই মত টলিউডের অন্দরমহলের।















