প্রিটোরিয়া ক্যাপিটালস নিলামে অংশ নেয় দক্ষিণ আফ্রিকান মুদ্রায় ৩ কোটি ২৫ লাখ র্যান্ড নিয়ে। এর অর্ধেকেরও বেশি তারা খরচ করে ফেলে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিতে। এসএ টোয়েন্টির নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তুমুল প্রতিভাবান এই ব্যাটসম্যান। রেকর্ড পারিশ্রমিকে তাকে নেওয়ার পর প্রিটোরিয়ার প্রধান কোচ সৌরভ গাঙ্গুলি বললেন, কখনও অর্থ দিয়ে পারফরম্যান্সকে মূল্যায়ন করেন না তিনি।দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগটির নিলামে তীব্র লড়াই জমে ওঠে ব্রেভিসকে নিয়ে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা তরুণ আগ্রাসী ক্রিকেটারকে পেতে প্রথমে লড়াইটা হয় জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালসের মধ্যে। প্রিটোরিয়া ক্যাপিটালস সেই লড়াইয়ে যোগ দেওয়ার আগেই দাম ছাড়িয়ে যায় ১ কোটি র্যান্ড। ২২ বছর বয়সী ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত ১ কোটি ৬৫ লাখ র্যান্ডে (প্রায় সাড়ে ৯ লাখ মার্কিন ডলার) পেয়ে যায় তারাই।
সম্প্রতি প্রিটোরিয়ার প্রধান কোচের দায়িত্ব নেওয়া প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ তুলে ধরলেন ব্রেভিসকে পেতে তাদের মরিয়া চেষ্টার কারণ।’আমি কখনোই পারফরম্যান্সকে অর্থের সঙ্গে যুক্ত করি না। ১ কোটি ৬৫ লাখ র্যান্ড এক পাশে সরিয়ে রাখলেও, আমার বিশ্বাস, দুর্দান্ত এক প্রতিভা সে। স্পিন খুব ভালো খেলে সে, যা খুব গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করেই তাকে এই দামে নেওয়া হয়েছে।”
আগ্রাসী ব্যাটিং দিয়ে বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নিজেকে আলাদা করে চেনান ব্রেভিস। ব্যাটিংয়ের ধরনে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গ্রেট এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে অবিশ্বাস্য মিল থাকায় তাকে ডাকা হয় ‘বেবি এবি’ নামে।গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫৬ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যা এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ওই ইনিংস দিয়ে দেশটির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও হয়ে যান তিনি।
ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এই বছর ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচের ৩০ ইনিংসে ব্যাটিং করে তার রান ৯৯৫। গড় ৪৩.২৬ ও স্ট্রাইক রেট ১৮৬.৩২। একটি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ৬টি। ছক্কা মেরেছেন ৮৫টি।এসএ টোয়েন্টিতেও ব্রেভিস ভালো করবেন বলে আশাবাদী ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সৌরভ।
“আশা করি, সে ভালো করবে। অসাধারণ এক প্রতিভা সে। গত দেড় বছরে তার খেলার অনেক উন্নতি হয়েছে, যেমনটি আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখেছি। ওই সফরে, সে দেখিয়েছে যে, একজন ‘গেম-চেঞ্জার’ সে। আর টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই দরকার। আমাদের রাসেল, রাদারফোর্ড আছে, যারা সত্যিই ভালো কিছু করতে পারে এবং আশা করি, ব্রেভিসও একই কাজ করবে।













