ভর দুপুরে লক্ষাধিক টাকার ডাকাতির অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসের ১৭ তারিখ দুপুর সাড়ে ১২টা নাগাদ বসিরহাটের বাদুড়িয়া থানার যশাইকাটি-আটঘরা গ্রাম পঞ্চায়েতের আটঘরা পেট্রোল পাম্পের সামনে গৌড়বঙ্গ রোডে দাঁড়িয়েছিলেন বাদুড়িয়া থানার আটুরিয়ার বাসিন্দা পেশায় লটারি বিক্রেতা সঞ্জয় নাথ। সেই সময় একদল দুষ্কৃতী তার ওপর চড়াও হয়। তাকে মারধর দিয়ে তার কাছে থাকা সাড়ে ৯ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়।
ঘটনার পর বাদুড়িয়া থানার পুলিশের দ্বারস্থ হন সঞ্জয় নাথ নামক ওই ব্যবসায়ী। তার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক উৎপল প্রামাণিকের নেতৃত্বাধীন পুলিশ মিজানুর আলী ও সুরজিৎ মন্ডলকে উত্তর ২৪ পরগণার রাজারহাট থেকে এবং সুশান্ত রায়কে বসিরহাটের স্বরূপনগর থেকে গ্রেফতার করে। ধৃত তিন দুষ্কৃতীকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।














