Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভস্মীভূত ওয়েলিংটনের ভুটিয়া মার্কেট,মাথায় হাত ব্যবসায়ীদের

ভস্মীভূত ওয়েলিংটনের ভুটিয়া মার্কেট,মাথায় হাত ব্যবসায়ীদের

ভরা শীতের বিকেলে বিধ্বংসী আগুনের গ্রাসে চলে গেল কলকাতার অন্যতম জনপ্রিয় শীতপোশাকের ঠিকানা ওয়েলিংটন স্কোয়ারের ভুটিয়া মার্কেট। বৃহস্পতিবার বিকেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে সার দিয়ে থাকা বেশ কিছু দোকান। ব্যবসায়ীদের মাথায় হাত। প্রাথমিক অনুমান, কয়েক লক্ষ টাকার পোশাক পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

 

দমকলের চারটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকাই আগুনের শিখা নজরে আসে স্থানীয়দের। হিমেল হাওয়ার দাপটে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় কর্মীদের।

 

ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে খাক হয়ে গিয়েছে রকমারি পশমি পোশাকের পসরা। চলতি বছর কলকাতায় জাঁকিয়ে শীত পড়ায় ভুটিয়া মার্কেটে বিকিকিনি ছিল তুঙ্গে। সস্তায় কেতাদুরস্ত শীতপোশাকের খোঁজে ভিড় জমছিল সাধারণ মানুষের। ঠিক সেই সময়েই এই বিপর্যয় বড়সড় আর্থিক ক্ষতির মুখে দাঁড় করিয়ে দিল ভুটিয়া ব্যবসায়ীদের। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

READ MORE.....