মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই গঙ্গাসাগর মেলার সূচনালগ্নে ঘটে গেল বড়সড় বিপত্তি। শুক্রবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একাধিক অস্থায়ী ছাউনি। আচমকা এই ঘটনায় পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর আনুমানিক পাঁচটা নাগাদ কপিলমুনি আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের ধারে থাকা অস্থায়ী হোগলার ছাউনিগুলিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ভয়ংকর রূপ নেয়। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি ছাউনিগুলি অত্যন্ত দাহ্য হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক ছাউনিতে।
ঘটনার সময় ভোরের কুয়াশায় গোটা এলাকা ঢেকে ছিল। আগুন ছড়াতেই এলাকায় হইচই পড়ে যায়। বহু পুণ্যার্থী ভয়ে ছুটে নিরাপদ দূরত্বে সরে যান। প্রথমে স্থানীয় বাসিন্দারাই বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি দ্রুত দমকল বিভাগ ও পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে একাধিক দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ঘটনাস্থলে হাজির হন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।
এখনও পর্যন্ত ঠিক কতগুলি অস্থায়ী ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। মেলার শুরুতেই এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ভবিষ্যতে আরও কড়া নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।












