দেশজুড়ে মাওবাদী দমন অভিযানে কেন্দ্রীয় সরকার বিশাল সাফল্য পেয়েছে। মাওবাদীদের আর্থিক ভিত দুর্বল করতে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৯২ কোটি টাকার সম্পত্তি। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্র। সরকারের দাবি, এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় মাওবাদীদের অর্থের জোগান উল্লেখযোগ্যভাবে ধাক্কা খেয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই অভিযানে কেন্দ্রীয় সংস্থা এনআইএ প্রায় ৪০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। রাজ্য সরকারগুলো বাজেয়াপ্ত করেছে আরও ৪০ কোটি টাকা।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ১২ কোটি টাকা। কেন্দ্রের বক্তব্য, এই অভিযানের ফলে ‘শহুরে মাওবাদী’দের মনোবলও আঘাত পেয়েছে। ২০১৪ সালে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ছিল ৩৬টি, যা বর্তমানে কমে মাত্র তিনটিতে এসে দাঁড়িয়েছে। সরকারি হিসাব অনুসারে, চলতি বছরে এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১৭ জন মাওবাদী নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন ৮৬২ জন। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন ১৯৭৩ জন মাওবাদী। এই ধারাবাহিক চাপে মাওবাদী কার্যকলাপ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।













