Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মেয়াদ শেষ ! পন্থের পর কে বসছেন কুর্সিতে? তুঙ্গে জল্পনা

মেয়াদ শেষ ! পন্থের পর কে বসছেন কুর্সিতে? তুঙ্গে জল্পনা

রাজ্যের প্রশাসনিক প্রধানের কুর্সিতে কে বসবেন, তা নিয়ে বছরের শেষ দিনে সরগরম নবান্ন। বর্তমান মুখ্যসচিব মনোজ পন্থের বর্ধিত মেয়াদের সময়সীমা শেষ হচ্ছে আজ, ৩১ ডিসেম্বর। গত ছয় মাস তিনি এক্সটেনশনে থাকলেও, আজ মধ্যরাতের পর তিনি স্বপদে থাকবেন কি না, তা নিয়ে প্রশাসনের অন্দরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। নবান্ন সূত্রে খবর, পন্থের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধির জন্য দিল্লির প্রশিক্ষণ ও কর্মিবর্গ মন্ত্রকে (ডিওপিটি) আগেই আবেদন পাঠিয়েছিল রাজ্য সরকার। তবে সেই আবেদনের সবুজ সংকেত এখনও এসে পৌঁছেছে কি না, তা নিয়ে মুখ খুলছেন না কোনো আধিকারিকই।

 

গত ৩০ জুন মনোজ পন্থের অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু সে বার ২৮ জুন রাজ্যের আবেদনের ভিত্তিতে কেন্দ্রের তরফে ছয় মাসের মেয়াদ বৃদ্ধির অনুমোদন মিলেছিল। সেই সময়সীমা অনুযায়ী আজই তাঁর শেষ দিন। এর আগে ২০২৪ সালের ৩১ অগস্ট বি পি গোপালিকার উত্তরসূরি হিসেবে মুখ্যসচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন মনোজ পন্থ। গোপালিকার ক্ষেত্রেও রাজ্য সরকার মেয়াদ বৃদ্ধির সুপারিশ করলেও কেন্দ্র তাতে সায় দেয়নি। এবার পন্থের ক্ষেত্রে দিল্লি কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের প্রশাসনিক মহল।

 

মুখ্যসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে রদবদল নিয়ে জল্পনা এতটাই তীব্র যে, প্রশাসনের অলিন্দে ইতিমধ্যেই পরবর্তী সম্ভাব্য নামগুলো নিয়ে চর্চা শুরু হয়েছে। যদি শেষ মুহূর্তে কেন্দ্র থেকে পন্থের মেয়াদ বৃদ্ধির ছাড়পত্র না আসে, তবে নতুন কাউকে এই দায়িত্বভার তুলে দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। নতুন বছরের শুরুতেই রাজ্যের প্রশাসনিক মানচিত্রে কোনো বড় বদল আসে কি না, সেটাই এখন দেখার।

READ MORE.....