যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রুর ১৪ দিনের পুলিশ হেফাজত। কড়া নিরাপত্তার মধ্যেই আজ রবিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় তাঁকে। শুনানিতে জামিনের আবেদন খারিজ করে ধৃত শতদ্রুর ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে এদিন যখন আদালতে শতদ্রুকে তোলা হচ্ছে, সেই সময় বাইরে থেকে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। এমনকী জুতো হাতে বিক্ষোভ দেখানো হয়। যা নিয়ে আদালতের বাইরে তীব্র উত্তেজনা তৈরি হয়। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মেসিকে কলকাতায় আনার প্রধান কারিগর ছিলেন শতদ্রু দত্ত। যুবভারতীর বিশৃঙ্খলার পরে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দুটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়।
অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো সহ ভারতী ন্যায় সংহতির ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ এবং নাশকতামূলক কার্যকালাপ ছড়ানোর ও জনগনের নিরাপত্তা বিঘ্নিত অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এমনকী শতদ্রুর বিরুদ্ধেও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ।














