বৃহস্পতিবার রাতে রাজ্যসভার তিন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। তিনজন হলেন, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। এই তিনজনই আজ বিকেলে সল্টলেকের বিজেপির সদর দপ্তরে গিয়ে দলে যোগদান করেছেন। তখন থেকেই তাঁদের রাজ্যসভায় পাঠানো নিয়ে তুঙ্গে উঠেছিল জল্পনা। রাত ৯টা নাগাদ দিল্লির বিজেপির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল এই তিনজনকেই সংসদের উচ্চকক্ষে প্রার্থী করা হচ্ছে।
ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবিতে দল ছত্রভঙ্গ হওয়ার পরপরই রাজ্যসভার তিন সাংসদ – সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করেন। সাংসদ হিসেবে সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইকের ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ ছিল। সুস্মিতা দেব ২০৩০ সাল পর্যন্ত। তাঁদের আসনগুলি ফাঁকা হওয়ায় ভোট হবে আগামী ২৪ জুলাইয়ে। আর তাৎপর্যপূর্ণভাবে তিনজনই ফের রাজ্যসভায় ফিরতে চলেছেন, তবে পদ্ম-প্রতীকে।













