ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উন্নয়নের প্রচার আরও জোরদার করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত ১৫ বছরের কাজের খতিয়ান আমজনতার কাছে পৌঁছে দিতে বুধবার পথে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে খোদ অভিনেতা রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে যাচ্ছেন তিনি।
সেখানে ‘উন্নয়নের পাঁচালি’ তুলে দেবেন প্রবীণ অভিনেতার হাতে। মল্লিক বাড়িতে সাক্ষাতের পর নন্দনে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তৃণমূল সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছবেন অভিষেক। সেখানে রঞ্জিতবাবুর পাশাপাশি তাঁর কন্যা কোয়েল মল্লিক ও জামাতা তথা প্রযোজক নিসপাল সিং রানের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
প্রবীণ অভিনেতার সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি রাজ্য সরকারের গত দেড় দশকের কাজের খতিয়ান সংবলিত রিপোর্ট কার্ড তাঁর হাতে তুলে দেবেন সাংসদ। এরপরই তিনি রওনা দেবেন নন্দনের উদ্দেশে। সেখানে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর আগামী কাজ ‘লক্ষ্মী এল ঘরে’-র বিশেষ প্রদর্শনীতে শামিল হবেন ডায়মন্ড হারবারের সাংসদ। আসন্ন নির্বাচনের আগে জনসংযোগের এই বিশেষ কৌশল নিয়েছে শাসকদল। তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের ‘অর্থবঞ্চনা’ সত্ত্বেও রাজ্যের তহবিল থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, চালিয়ে যাচ্ছেন কল্যাণমূলক কর্মসূচি।
শাসক শিবিরের দাবি, বাংলার প্রাপ্য আটকে রেখেছে দিল্লি কিন্তু তার পরেও রাজ্যের উন্নয়ন থামেনি। এই প্রেক্ষাপটেই গলি থেকে গ্রাম এবং মহল্লা থেকে শহর—সর্বত্র উন্নয়নের খতিয়ান পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের এই কাজে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তিনি। বুধবার নিজেই সেই প্রচার কর্মসূচির সামনে থেকে নেতৃত্ব দিতে ময়দানে নামছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।













