ভারতের দ্রুত বর্ধনশীল ও বৈচিত্র্যময় ব্যবসায়িক গোষ্ঠীগুলির অন্যতম লর্ডস মার্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সফলভাবে আমেরিকায় তাদের প্রথম এক মিলিয়ন মার্কিন ডলারের মেডিক্যাল প্রযুক্তির চালান পাঠিয়েছে। এই গুরুত্বপূর্ণ রপ্তানি শুধু সংস্থার ক্ষেত্রে নয় ভারতের উন্নত স্বাস্থ্যপ্রযুক্তি খাতের জন্যও এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। সম্পূর্ণভাবে ভারতে নকশা, উন্নয়ন ও উৎপাদিত এই প্রযুক্তি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে বিদেশের বাজারে পৌঁছেছে।
এই শিপমেন্টে রয়েছে স্পর্শহীন দূরবর্তী রোগী পর্যবেক্ষণ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আগাম সতর্ক সংকেত ব্যবস্থা। এই প্রযুক্তির সাহায্যে রোগীর অবস্থা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত আগেভাগেই পাওয়া যাবে।এর পাশাপাশি ইলেকট্রনিক রোগী তথ্যভান্ডারের সঙ্গে সংযুক্তির মাধ্যমে আরও উন্নত ও তথ্যভিত্তিক চিকিৎসা পরিষেবা প্রদান সম্ভব হবে।এর ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সিদ্ধান্ত নেওয়া যেমন সহজ হবে তেমনই রোগীর সুরক্ষা ও চিকিৎসার গুণমান বৃদ্ধি পাবে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সচিদানন্দ উপাধ্যায় জানান,এই সাফল্য প্রমাণ করে যে ভারত এখন কেবল ওষুধ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আধুনিক স্বাস্থ্যপ্রযুক্তির ক্ষেত্রেও বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর মতে, এই প্রথম শিপমেন্টের মাধ্যমে লর্ডস মার্ক এক নতুন অধ্যায়ের সূচনা করল যা ভবিষ্যতে আরও বৃহৎ আন্তর্জাতিক বাজারের দ্বার খুলে দেবে।
লর্ডস মার্ক ইন্ডাস্ট্রিজ তাদের সহযোগী সংস্থাগুলির মাধ্যমে স্বাস্থ্যসেবা, ডায়াগনস্টিক, জীবপ্রযুক্তি ও জিনগত পরীক্ষার ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নতি সাধন করছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি উদ্ভাবন, মান এবং বৈচিত্র্যের উপর জোর দিয়ে একটি শক্ত ভিত্তি গড়ে তুলেছে।এই সাম্প্রতিক সাফল্য সেই দীর্ঘ যাত্রারই এক গুরুত্বপূর্ণ সোপান যা ভারতের প্রযুক্তিগত সক্ষমতাকে বিশ্বমঞ্চে আরও দৃঢ়ভাবে তুলে ধরল।













