সোমবার বারাসাত পৌরসভার পৌরপ্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন সুনীল মুখার্জি। এদিন বারাসাত পৌরসভার সভাগৃহে মহকুমা শাসক সোমা দাস শপথ বাক্য পাঠ করালেন সুনীল মুখার্জী কে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদ উদ জামান, বারাসাত পৌরসভার পৌর পারিষদ সদস্য চম্পক দাস, অরুণ ভৌমিক, পান্নালাল বসু সহ প্রমুখ।
শপথ নেওয়ার পর সুনীল বাবু বলেন, আমি আগে বারাসাত পৌরসভায় ১২ বছর দায়িত্ব সামলেছি, আমি প্রতিটি ওয়ার্ড, রাস্তা চিনি। বারাসাত কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা সকলে মিলে পূরণ করব। বিশেষত রাস্তার উপর যে ময়লা রয়েছে, সর্বপ্রথম তা হটিয়ে ফেলতে হবে। কারণ এই নিয়ে মানুষের সমস্যা রয়েছেন। এছাড়াও যে ডাম্পিং গ্রাউন্ড আছে, তা তরিঘরি ঠিক করতে হবে।
আমাদের স্লোগান হবে ‘সবুজ শহর-সবুজ পরিবেশ’। কারন আমরা যেভাবে গাছ কেটে ফেলছি, তার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যা পরিবেশের অমঙ্গল ঘটাচ্ছে। আমাদের এই গাছ কাটা বন্ধ করে, বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি আরও বলেন, ২০১০ সালে যখন পৌরসভার দায়িত্বভার গ্রহণ করি তখন পৌরসভায় জনসংখ্যা ছিল ২ লক্ষ ৭৫ হাজার প্রায়, কিন্তু বর্তমানে সে সংখ্যা ছাড়িয়েছে প্রায় চার লক্ষ। তাই সে সময় গঙ্গাজল প্রকল্পে যে জল দেওয়া হতো তা এখন পর্যাপ্ত হচ্ছে না। এই বিষয়ে আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে উচ্চ অধিকারীক এবং মন্ত্রকে কথা বলে এই সমস্যার সমাধান করব বলেও জানান তিনি।
এরপর বাংলায় শপথ নেওয়ার বিষয়ে বলতে গিয়ে তার চোখে জল দেখা যায়। তিনি বলেন, এর আগে দুবার আমি ইংরেজিতে শপথ নিয়েছি। এবার বাংলায় শপথ নিয়েছি কারণ আমার একটি প্রতিবাদ আছে। কারণ হিসেবে তিনি বলেন, আমরা বাঙালি। বাংলাদেশী নয়, বাংলার মানুষ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, দলীয় সিদ্ধান্তে শুধু বারাসাতই নয়, রাজ্যের বেশ কিছু পৌরসভায় পরিবর্তন হয়েছে।
আগের দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন কাজ করেননি এমন নয়, তিনিও কাজ করেছেন তার সাধ্যমত। কিন্তু দলের হয়তো মনে হয়েছে এটাই যথার্থ নয়। দলের যে প্রত্যাশা তা হয়তো পূরণ হয়নি। সেজন্যই দল এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আরও বলেন, পৌরসভা, জেলা পরিষদ দুটি আলাদা, যদি প্রশাসনিক কাজের ক্ষেত্রে আমার কাছে কোনও পরামর্শ চাওয়া হয়, সেই ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ সাহায্যে চেষ্টা করব।















