স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে যোগ্য শিক্ষাকর্মী ও চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করতে রাজি নয়। কলকাতা হাই কোর্টের তালিকা প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন।
গত সপ্তাহে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করল এসএসসি। চলতি সপ্তাহে এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ১ ডিসেম্বর হাই কোর্ট ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার ‘দাগি’ বা অযোগ্য প্রার্থীদের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দেয়। এরপর ৩ ডিসেম্বরের শুনানিতে বিচারপতি সিংহ যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশেরও নির্দেশ দেন। নির্দেশ ছিল, চিহ্নিত ‘দাগি’ নন, এমন শিক্ষাকর্মী ও চাকরিপ্রার্থীর তালিকা ৮ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। এসএসসি শুক্রবার অযোগ্যদের তালিকা প্রকাশ করলেও যোগ্যদের সম্পূর্ণ তালিকা এখনও প্রকাশ করেনি।
হাই কোর্ট আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল। সেটি হলো, যে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি প্রার্থীরা যোগ্য ছিলেন, তাঁদের বর্তমান নিয়োগ প্রক্রিয়ার নতুন পরীক্ষাপর্বে বয়সে ছাড় দিয়ে আবেদনের সুযোগ দিতে হবে। এসএসসি হাই কোর্টের এই নির্দেশকেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। মামলাটির পরবর্তী শুনানি আগামী ৬ জানুয়ারি কলকাতা হাই কোর্টে রয়েছে। তবে তার আগেই যোগ্যদের তালিকা প্রকাশ সংক্রান্ত হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো স্কুল সার্ভিস কমিশন।













