ভোটার তালিকা তো বটেই, আগামী পাঁচ বছরের মধ্যে গোটা দেশ থেকেই অনুপ্রবেশকারীদের হটিয়ে দেওয়া হবে। শনিবার অসম পুলিশের ১০ নম্বর ব্যাটালিয়নের নতুন ক্যাম্পাসের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাফ কথা, দেশ থেকে যদি মাওবাদ নির্মূল করা সম্ভব হয়, তবে অনুপ্রবেশকারীদেরও ভারতছাড়া করা অসম্ভব কিছু নয়। অসমে দাঁড়িয়ে শাহ জানান, যে জমিতে আজ পুলিশের নতুন ক্যাম্পাসের শিলান্যাস হলো, সেটি আসলে অনুপ্রবেশকারীদের দখলে ছিল।
সেই জমি আজ দখলমুক্ত। তবে শুধু জমি খালি করলেই যে লক্ষ্য পূরণ হবে না, তা মনে করিয়ে দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘শুধু এই দখল করা জমি থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করলেই চলবে না, তাদের দেশ থেকেই তাড়াতে হবে। শুধু জমি থেকে উচ্ছেদ করলে তারা অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করবেন। তাই তাদের দেশ থেকেই বিতাড়িত করতে হবে।’ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অসমের মাটি থেকেই সুর চড়িয়েছেন শাহ। তিনি দাবি করেছেন, বিজেপি ফের ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশছাড়া করা হবে। তাঁর মতে, ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ মুছে ফেলার যে লক্ষ্যমাত্রা কেন্দ্র নিয়েছে, তা সফল হওয়ার পথেই।
শীর্ষ নেতাদের মৃত্যু ও আত্মসমর্পণের জেরে মাওবাদীরা এখন কোণঠাসা। এই সাফল্যের সূত্র ধরেই শাহ বলেন, ‘ বিজেপি আবার ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে দেশ থেকে তাড়ানো হবে। যখন দেশের একটি বড় অংশ মাওবাদ থেকে মুক্ত হতে পারে, তখন অনুপ্রবেশকারী মুক্তও হতে পারে। এর জন্য দরকার ইচ্ছাশক্তি, সাহস এবং দৃঢ়তা। আমাদের প্রধানমন্ত্রীর কাছে এর সবগুলিই রয়েছে। ’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অনুপ্রবেশ রুখতে কেন্দ্র যে জিরো টলারেন্স নীতিতে হাঁটছে, এ দিনের বক্তৃতায় শাহ তা আরও একবার স্পষ্ট করে দিলেন। ছবি সংগৃহিত ।















