ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের কাশ্মীর সফরের আগে স্পষ্ট অবস্থান জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বুধবার সকালে শ্রীনগরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে ভিনদেশের রাষ্ট্রদূতের কাছে কোনো অভাব-অভিযোগ নিয়ে যাওয়ার অভ্যাস তাঁর নেই। জম্মু ও কাশ্মীরের যাবতীয় সমস্যার সমাধান ওয়াশিংটনে হবে না, বরং তা করবে নিজের দেশের সরকার।
দীর্ঘদিন পর কোনো মার্কিন রাষ্ট্রদূত কাশ্মীর সফরে আসছেন উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, উপত্যকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও কোনো বিদেশি প্রতিনিধির কাছে তিনি কোনো সমাধান খুঁজছেন না বা অভিযোগও জানাতে যাচ্ছেন না। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রীর গুপকার রোড সংলগ্ন বাসভবনে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টারের নেতৃত্বে একটি কূটনৈতিক প্রতিনিধিদল কাশ্মীর সফরে এসেছিল। এদিকে পিডিপি প্রধান ও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মার্কিন রাষ্ট্রদূতের এই সফর প্রসঙ্গে জানিয়েছেন যে কাশ্মীরে পর্যটকদের আসার ক্ষেত্রে আমেরিকার যে সর্বোচ্চ পর্যায়ের সতর্কবার্তা বা ট্রাভেল অ্যাডভাইজরি রয়েছে, তা প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া উচিত।
তাঁর মতে, পর্যটননির্ভর এই অঞ্চলের অর্থনীতি ও আন্তর্জাতিক পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার অত্যন্ত ইতিবাচক বার্তা দেবে। অন্যদিকে আবদুল্লাহ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিজেপির বিক্ষোভের পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখার মতো তদন্তকারী সংস্থাগুলোর কোনো নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে নেই। কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ভিত্তিহীন রাজনীতি না করে বিজেপি তদন্ত করে মামলা দায়ের করুক বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।














