আই-প্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ায় তীব্র বিক্ষোভে শামিল হল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। বৃহস্পতিবার হাড়োয়া এক নম্বর সাংগঠনিক ব্লকের উদ্যোগে হাড়োয়া ধর্মতলা মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি হাড়োয়া নিত্যবাজার অতিক্রম করে কেরালা মোড় সংলগ্ন এলাকায় এসে শেষ হয়।
মিছিল শেষে হাড়োয়া–রাজারহাট রোড অবরোধ করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান—কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের অভিযোগ, নির্বাচন এলেই বাংলার তৃণমূল সরকারকে কালিমালিপ্ত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। এই প্রতিহিংসামূলক আচরণ অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নেতারা।
মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকের ভূমিকায় ছিলেন হাড়োয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় সভাপতি শফিক আহমেদ মাদার। তিনি নিজে উপস্থিত থেকে নেতা-কর্মীদের উৎসাহ দেন এবং প্রতিবাদে সামিল হন।
এই বিশেষ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি, সৈয়দ অয়াসিফ উদ্দিন সুমন, চন্দন দাস, বিশ্বনাথ সাহা, সিরাজুল ইসলাম, অরুণ দাস, সিরাজ গাজী এবং মুন মুন সহ আরও বহু বিশিষ্ট নেতৃত্ব। গোটা কর্মসূচি ঘিরে এলাকায় ছিল ব্যাপক উত্তেজনা ও জনসমাগম।












