কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার। রবিবার বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারাননি ঠিকই, তবে তীব্র শ্লেষের সঙ্গে বাজেটকে ‘গার্বেজ অফ লাই’ বা মিথ্যার জঞ্জাল বলে অভিহিত করেছেন। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী সাফ বলেন, ‘এই বাজেট হচ্ছে গার্বেজ অফ লাই। গোটা দেশে এখন একটাই কর কাঠামো, জিএসটি। বাংলার থেকে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। একটা টাকাও রাজ্যকে দিচ্ছে না। যে টাকার কথা বলা হয়েছে, সব আমাদের টাকা।’
মমতা আরও মনে করিয়ে দিয়েছেন যে, শিলিগুড়ি বা ডানকুনির যেসব করিডরের কথা আজ ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হল, তার পরিকল্পনা অনেক আগেই তিনি রেলমন্ত্রী থাকাকালীন করে রেখেছিলেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি জানে তারা বাংলায় রাজনৈতিকভাবে কুলিয়ে উঠতে পারবে না। তাই ভোট পাবে না জেনেই পশ্চিমবঙ্গকে এই চরম বঞ্চনার শিকার হতে হল। তিনি এই বাজেটকে ‘হাম্পটি ডাম্পটি’ বলে কটাক্ষ করে জানান, শেয়ার বাজারের ধস প্রমাণ করে দিয়েছে যে এই বাজেট কতটা লক্ষ্যহীন।















