Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কেরলে চাপে মুখ্যমন্ত্রী সতীশন

কেরলে চাপে মুখ্যমন্ত্রী সতীশন

কেরলে ১৪০টি বিধানসভা আসনের মধ্যে ১০২টিতে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে ক্ষমতায় আসা কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের প্রথম ১০০ দিন পূর্ণ হলো। তবে এই প্রাথমিক মেয়াদে বড় নীতিগত সিদ্ধান্ত গ্রহণে স্পষ্ট ছাপ ফেলতে কার্যত ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। পূর্বতন বাম সরকারের দীর্ঘ এক দশকের শাসনের পর প্রশাসনিক স্তরে শক্ত রাশ টানতে গিয়ে দলীয় কোন্দল ও জোট শরিকদের অভ্যন্তরীণ টানাপড়েনে বারবার হোঁচট খাচ্ছে নতুন মন্ত্রিসভা।

 

প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মতো দৃঢ় প্রশাসনিক নিয়ন্ত্রণ সতীশনের জমানায় এখনও দেখা যায়নি। পূর্ণকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি না থাকা এবং মন্ত্রিসভায় এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের অনুগামীদের প্রভাবের কারণে নীতি নির্ধারণে বারবার আপস করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। ওয়াকফ বোর্ডের পুনর্গঠন কিংবা কেন্দ্রীয় ‘পিএম শ্রী’ প্রকল্প রূপায়নের মতো একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে দল ও শরিকদের চাপে তা স্থগিত রাখতে হয়েছে।

 

ফলে বিরোধীদের কাছে তিনি ‘ইউ-টার্ন মুখ্যমন্ত্রী’ হিসেবে কটাক্ষের শিকার হচ্ছেন। এমনকী সরকারি বোর্ড ও নিগমগুলিতে এখনও পূর্ববর্তী বাম সরকারের মনোনীত ব্যক্তিদেরই দাপট অব্যাহত রয়েছে। রাজনৈতিক দিক থেকেও সরকার দু’দিক থেকে চাপের মুখে পড়েছে। শপথ অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া কিংবা নির্বাচন কমিশনার নিয়োগকে ঘিরে সিপিআই(এম) যেমন সরকারের বিরুদ্ধে সঙ্ঘ পরিবারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলছে, তেমনই বিজেপি আবার সরকারকে প্রধান শরিক মুসলিম লিগের কাছে আত্মসমর্পণকারী হিসেবে দেগে দিচ্ছে।

 

পাশাপাশি রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সমান্তরাল প্রশাসনিক পর্যালোচনা বৈঠকও সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলছে। তবে নীতিগত দোলাচলের মাঝেও সরকারের দু’টি জনমুখী উদ্যোগ সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালার নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান ‘অপারেশন তুফান’ রাজ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। একই সঙ্গে সরকারি সাধারণ বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত সরকারের সামাজিক ভাবমূর্তিকে অনেকটাই উজ্জ্বল করেছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থেকে আলাদা ভঙ্গিমায় নিয়মিত সাংবাদিক বৈঠক করে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করলেও ওনম উৎসবের আবহে রাজ্যের গভীর আর্থিক সংকট সামাল দেওয়ার কোনও নির্দিষ্ট দিশা এখনও পর্যন্ত তুলে ধরতে পারেননি অর্থমন্ত্রকের দায়িত্বে থাকা স্বয়ং মুখ্যমন্ত্রী।

READ MORE.....