Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ক্ষোভে ফুঁসছে আঁকিপুর গ্রাম, রেশনে নিম্নমানের চাল বিতরণ

ক্ষোভে ফুঁসছে আঁকিপুর গ্রাম, রেশনে নিম্নমানের চাল বিতরণ

বসিরহাট মহকুমার বসিরহাট-২ নং ব্লকের চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের আঁকিপুর গ্রামে রেশনে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রেশন ডিলার বরুণ কুমার দাসের দোকানকে ঘিরে বিক্ষোভে সামিল হন শতাধিক গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে রেশন দোকানে যে চাল সরবরাহ হচ্ছে তার গুণমান অত্যন্ত খারাপ। গ্রামবাসীদের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে রেশনই তাদের ভরসা।

 

সেখানে মানহীন চাল পেলে পরিবারে খাদ্য নিরাপত্তার মুখে পড়বে। আঁকিপুর গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আমরা নিয়মিত রেশন তুলি। আগে যে রকম ভাল সাদা ও চকচকে চাল পেতাম, এখন তার ধারে কাছেও নেই। এই চাল দিয়ে ভাত রান্না করা যায় না। অভিযোগ করলেও ডিলার গুরুত্ব দেন না’। অন্যজন ক্ষোভের সুরে বলেন, ‘রেশন আমাদের অধিকার। নিম্নমানের সামগ্রী দিলে আমরা নেব কেন? সরকার ভালো মানের চাল পাঠায়, মাঝপথে কোথায় সমস্যা হচ্ছে তার তদন্ত চাই’। অভিযোগের মুখে রেশন ডিলার বরুণ কুমার দাস অবশ্য গোটা ঘটনাকে ‘অতিরঞ্জিত’ বলে দাবি করেছেন। তার বক্তব্য, ‘সব সময় এক ধরনের চাল আসে না।

 

সরকারি গুদাম থেকে যে চাল পাঠানো হয়, তার মান সময় অনুযায়ী বদলাতে পারে। সেটা গ্রামবাসীদের বুঝতে হবে। তারা অযথা বিতর্ক বাড়াচ্ছেন’। ডিলারের এই মন্তব্যে আরও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, ডিলারের এই ব্যাখ্যা ‘দায়সারা’ এবং প্রকৃত সমস্যাকে আড়াল করার চেষ্টা। তাঁরা চান, অবিলম্বে নিম্নমানের চাল বিতরণ বন্ধ করা হোক এবং আগের মতো ভালো মানের চাল পুনরায় সরবরাহ শুরু করা হোক। ঘটনার জেরে গ্রামজুড়ে তীব্র চাঞ্চল্য। অনেকেরই বক্তব্য, রেশন সংক্রান্ত সমস্যা নতুন নয়, কিন্তু বারবার অভিযোগ করেও স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না। তাই এই ইস্যুকে সামনে নিয়েই বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন গ্রামবাসীদের একাংশ।

READ MORE.....