নির্ধারিত সময়ের আগেই বসিরহাটে বিধানসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য যে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে মোতায়েন করা হলো তিন কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। শনিবার সকাল থেকেই বসিরহাট শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হয় বাহিনীর টহল ও রুট মার্চ। শহরের ত্রিমোহিনী চত্বর থেকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়। এই রুট মার্চের নেতৃত্ব দেন বসিরহাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার দীপাঞ্জন চট্টোপাধ্যায়।
তার সঙ্গে ছিলেন বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায় সহ স্থানীয় পুলিশের আধিকারিকরা। রুট মার্চে শহরের একাধিক জনবহুল ও সংবেদনশীল এলাকা ঘুরে দেখা হয়। অপরদিকে মিনাখাঁ থানার মালঞ্চ বাজার ও বাবুরহাটের পাশাপাশি হাড়োয়া থানার বিভিন্ন এলাকাতেও টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। বসিরহাট জেলা পুলিশ সুপার আরিশ বিলাল জানিয়েছেন, এখনো পর্যন্ত বসিরহাট পুলিশ জেলায় মোট তিন কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রতি কোম্পানিতে প্রায় ৬০ জন করে জওয়ান রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতেই এই আগাম মোতায়েন বলে জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর ন্যা জাট, বসিরহাট, স্বরূপনগর ও হাসনাবাদ, হাড়োয়া ও মিনাখাঁ এই ৬টি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে কৌশলগত ভাবে মোতায়েন করা হয়েছে। স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে তারা টহল, রুট মার্চ ও নজরদারির কাজ চালাবে। নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই পদক্ষেপ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।















