নিউ ময়নাগুড়ি রেলস্টেশনে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে একাধিক খাড়া সিঁড়ি ভাঙতে হওয়ায় মহিলারা ছোট শিশু ও ভারী লাগেজ নিয়ে সমস্যায় পড়ছেন। বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ যাত্রীদের ক্ষেত্রেও এই সমস্যা আরও প্রকট।
নিউ ময়নাগুড়ি স্টেশনে প্রতিদিন একাধিক ট্রেন দাঁড়ালেও পরিকাঠামোগত সুবিধার অভাবে যাত্রীদের ভোগান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এলেই যাত্রীদের একপ্রকার বাধ্য হয়েই একাধিক সিঁড়ি পেরিয়ে ওঠানামা করতে হয়। সেই সিঁড়িগুলি খাড়া হওয়ায় বাচ্চা ও লাগেজ নিয়ে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে ময়নাগুড়ি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আগেই জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। তবে এখনও পর্যন্ত স্টেশনে লিফট চালু না হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, নিউ ময়নাগুড়ি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে প্রচুর সিঁড়ি ভাঙতে হয়। লিফটের দাবিতে সাংসদকে চিঠি দেওয়া হলেও এখনও কাজ শুরু হয়নি।
স্টেশনে আসা যাত্রী পার্থসারথী ঘোষ বলেন, ভারী লাগেজ নিয়ে সিঁড়ি ভাঙা অত্যন্ত কষ্টকর। বয়স্কদের পক্ষে তো প্রায় অসম্ভব। অন্যদিকে দীপ্তি সাহা বলেন, কাঁধে ব্যাগ আর কোলে ছোট বাচ্চা নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করা ভীষণ সমস্যার। দ্রুত লিফট দরকার।
এ বিষয়ে সাংসদ জয়ন্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিউ ময়নাগুড়ি স্টেশনে দ্রুত লিফট চালুর বিষয়ে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং খুব শীঘ্রই লিফট স্থাপনের কাজ শুরু হবে বলে তিনি আশাবাদী।













